ঈশ্বরদীর সার্বিক উন্নয়নে মোটরসাইকেলের বিকল্প নেই: মেহেদী হাসান
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের ঘাটপাড়া এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান।
মেহেদী হাসান বলেন, “অতীতের এমপিদের উন্নয়ন কর্মকাণ্ডে চরম বৈষম্য ছিল। তারা নিজেদের সুবিধা অনুযায়ী কিছু নির্দিষ্ট এলাকায় উন্নয়ন করেছেন। এর ফলে ঈশ্বরদীর বহু এলাকার মানুষ আজও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। বিশেষ করে নদীপাড়ের জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অবহেলিত।”
তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় গেলে পিছিয়ে পড়া নদীপাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব। যেসব এলাকাকে একসময় ‘পূর্ব পাকিস্তান’ বলে অবহেলা করা হয়েছে, সেসব এলাকাই আমাদের উন্নয়নের মূল লক্ষ্য হবে। এই লক্ষ্য বাস্তবায়নে জাকারিয়া পিন্টুর কোনো বিকল্প নেই। তাই ঈশ্বরদীর সার্বিক উন্নয়নের স্বার্থে আপনাদের মোটরসাইকেল প্রতীকে ভোট দিতে হবে।”
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ১ নম্বর সাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলী। এ সময় উপস্থিত ছিলেন সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নাসির পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা।
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)
