রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় গাছ থেকে পড়ে বিল্লাল ফকির (৪০) নামের একজন গাছীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ শনিবার সকালের দিকে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা মধ্যপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিল্লাল ফকির লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের মৃত তাজেল ফকিরের ছেলে। তিনি পেশায় একজন গাছ কাটা শ্রমিক।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে গাছ ব্যবসায়ী আজাহারের কেনা গাছ কাটার জন্য গাছী বিল্লাল একই গ্রামের রেজাউল সরদারের বাড়িতে যায়।

পরে মেহেগুনি গাছে উঠে গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানবশত: গাছ থেকে পড়ে গাছী বিল্লাল গুরুতর আহত হয়। পরে অন্য শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)