সঞ্জিব দাস, গলাচিপা : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, যে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল। দাঁড়িপাল্লাকে ইনসাফের প্রতীক বলা হলেও এর এক পাল্লায় গোপনে আমেরিকা এবং অন্য পাল্লায় ভারত অবস্থান করছে বলে তিনি মন্তব্য করেন। 

আজ শনিবার দুপুরে হাইস্কুল মাঠে পটুয়াখালী-৩ (গলাচিপা) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, যে বাংলাদেশের মানুষ অন্য কোনো দেশের নয় বরং ইসলামের ইনসাফ দেখতে চায়। চরমোনাই পীর অভিযোগ করেন, যে বিগত ৫৪ বছরে প্রচলিত আইনের শাসনের কারণেই দেশ পাঁচবার দুর্নী'তিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে।

তিনি বলেন, যে বিএনপি বা জামায়াত কেউই ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা বলেনি বরং তারা প্রচলিত ধারায় দেশ চালানোর কথা বলেছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে তারা পূর্ণাঙ্গ ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, যে এই প্রচলিত আইনের কারণেই দেশ এখন বিদেশের প্রেসক্রিপশন অনুযায়ী চলছে।

রাজনৈতিক প্রতিহিংসার সমালোচনা করে তিনি বলেন, যে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি পালায় আর বিএনপি এলে আওয়ামী লীগ ঘর ছাড়ে। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না বলে তিনি আশ্বস্ত করেন। হাতপাখা প্রতীকে একটি ভোট মানে ইসলামের পক্ষে শক্তি বৃদ্ধি করা উল্লেখ করে তিনি নতুন ভোটারসহ সর্বস্তরের মানুষকে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।

হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আসনটির সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক।

(এসডি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)