প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা, একাধিক গুলিবিদ্ধ
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিনের (ফুটবল প্রতিক) সমর্থকদের ওপর সশস্ত্র হামলা ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে দুইজন গুলিবিদ্ধের পরিচয় পাওয়া গেছে।
আহতরা হলেন- নজরুল সরকার (৬৫), সে জালাল সরকারের ছেলে এবং রিজন (৩০)। তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ও হাসপাতালে প্রেরণ করা হয়।
এ হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যেই ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লার অনুসারীরা এই হামলার সঙ্গে জড়িত। দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিনের ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সীকান্দি এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার অনুসারীরা ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আওলাদ পক্ষের লোকজনও অস্ত্র হাতে অবস্থান করে।
মুন্সীগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এদের পূর্ব বিরোধ ছিল। নির্বাচন ঘনিয়ে আসতেই আবার এরা এলাকায় সক্রিয় হয়েছে। সংঘর্ষে দুই তিন জন আহত হয়েছে বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
(এমকে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)
