স্টাফ রিপোর্টার : পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন।

বৈঠক সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন বলেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রবিবার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে যান।

সূত্র আরও জানায়, বৈঠকগুলোতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বাণিজ্য ও ট্যারিফ ইস্যুসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৬)