বিএনপি নেতা মেজর ওয়াহেদুল হক মোল্লার সংবাদ সম্মেলন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেজর (অব:) ওয়াহেদুল হক মোল্লা বিএনপির মুলধারায় ফিরে এসে গোপালগঞ্জ- ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নিয়মিত কাজ করছেন এমনটি দাবী করে সংবাদ সম্মেলন করেছেন।
আজ রবিবার শহরের পাচুরিয়ায় পৌর মার্কেটের তৃতীয় তলায় সদর উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা বিএনপি সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারন সম্পাদক ফজলুল কবীর দারা, জেলা বিএনপি নেতা জিয়াউল কবীর বিপ্লবসহ বিএনপি ও অংগ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেজর (অব:) ওয়াহেদুল হক মোল্লা বলেন, আমি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, তারেক জিয়ার সৈনিক। গোপালগঞ্জে বিএনপি ডা: কে এম বাবরকে মনোনয়ন দিলেও বিএনপির তিনজন নেতা নির্বাচনে প্রদিদ্বন্দিতা করছেন। প্রার্থী পরিবর্তনের চেষ্টা করেও পরিবর্তন হয়নি। বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাই আমি মূলধারায় ফিরে এসেছি। আমি এবং আমার লোকজন ইতিমধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ডা: কে এম বাবরের জন্য নির্বাচনী প্রচারনায় লিপ্ত রয়েছি।
সদর উপজেলা বিএনপি সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেজর (অব:) ওয়াহেদুল হক মোল্লা এর আগে বিএনপির বহিষ্কার হওয়া বিদ্রোহী প্রার্থীর সাথে থাকলেও তিনি মূল ধারায় ফিরে এসেছেন। তিনি বর্তমানে তার লোকজন বিএনপি মনোনীত প্রার্থী ডা: কে এম বাবরের জন্য নির্বাচনী প্রচারনায় লিপ্ত রয়েছেন।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৬)
