রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে সদরে কর্মরত আর্মী ক্যাম্পের (১৫ আর ই ব্যাটেলিয়ান) এর সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে বিদেশি অস্ত্র, গুলি ও মাদক সহ শুভ (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ফরিদপুর জেলা শহরের আলিপুর ঈদগাহ মাঠ রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

অভিযানে তার নিকট থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, একটি খালি গুলির খোসা ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃত যুবক শুভ (২৯) ফরিদপুর সদরের আলিপুরের রাজ্জাকের মোর এলাকার শুকুর মোল্লার ছেলে বলে জানা গেছে।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে অভিযানে উদ্ধারকৃত অস্ত্র, গুলি, মাদক ও অন্যান্য মালামাল সহ গ্রেপ্তারকৃত ওই যুবককে ফরিদপুর কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনা বাহিনী।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৬)