'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উন্নয়নের অভাব হবে না'
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ইসহাক খন্দকারকে ‘বহিরাগত বিপদ’ আখ্যা দিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উন্নয়নের অভাব হবেনা, এক আপদ গেছে, নতুন করে আরেক বিপদ এসেছে। ওই বিপদের পাল্লায় পড়লে আগামী ৫ বছর আপনারা উন্নয়ন বঞ্চিত হবেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে ধানের শীষের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
নাছির বলেন, গত ১৫ বছর অন্য উপজেলা থেকে এসে বহিরাগতরা এমপি হয়ে আমাদের ওপর আপদ হয়ে ছড়ি ঘুরিয়েছে। এখন আবার বাইরে থেকে আরেক বিপদ এসে আপনাদের ভোট চাচ্ছে। কোনো ফাঁদে পা না দিতে সাবধান করেন তিনি।
তিনি বলেন, আপনারা ধানের শীষে ভোট দিলে তারুণ্যের অহংকার তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। আর তিনি এ পদে এলে উন্নয়নের অভাব হবে না। আমাদের এ উপজেলায় একটি পৌরসভা গঠন ও বিদ্যুতের সাব-স্টেশন স্থাপন করতে হবে। আমাদের দক্ষিণের বিস্তীর্ণ চরাঞ্চলের খাস জমি সঠিক বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে। এছাড়া নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুর সঞ্চালনায় নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
(আইইউএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)
