সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর- ৪ (কাপাসিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিযোগিতা ক্রমেই জোরালো হয়ে উঠছে। সাম্প্রতিক গণসংযোগ, জনসভা ও মাঠ পর্যায়ের তৎপরতা বিশ্লেষণে দেখা যাচ্ছে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দলের তুলনায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান নির্বাচনী প্রচারণা ও জনসম্পৃক্ততায় এগিয়ে রয়েছেন।

দীর্ঘদিন পর ভোটমুখী পরিবেশ তৈরি হওয়ায় বিএনপি নেতাকর্মীদের সক্রিয় মাঠ উপস্থিতি, ধারাবাহিক জনসভা, উঠান বৈঠক ও গণসংযোগ দলটির অবস্থানকে আরও সুসংহত করছে। বিশেষ করে গ্রামাঞ্চলে অন্যান্য প্রার্থীদের তুলনায় বিএনপির প্রচারণা কার্যক্রম বেশি চোখে পড়ছে বলে মত দিয়েছেন স্থানীয় ভোটাররা।

নির্বাচনী জনসভায় বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়ার সার্বিক উন্নয়নের লক্ষ্যে দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আধুনিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে নিরীহ মা-বোনদের মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি প্রার্থী বলেন, বিএনপি সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু, বয়স্ক ও বিধবা ভাতার পরিমাণ ও আওতা বৃদ্ধি এবং কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে স্থানীয় ভোটাররা জানান, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ কাপাসিয়ার গর্ব। রাস্তাঘাট উন্নয়ন, ফকির মজনু শাহ সেতু নির্মাণ এবং ঢাকা–কিশোরগঞ্জ সড়কের নকশা প্রণয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে তারা উল্লেখ করেন।
সবশেষে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি এবং নির্বাচিত হলে কাপাসিয়ার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন।

(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)