৩৬ সেকেন্ডে এমপি প্রার্থীর মোটরসাইকেল উধাও, সিসিটিভিতে ধরা পড়লো চোর
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর- ২ আসনের (নগরকান্দা ও সালথা উপজেলা) সংসদ সদস্য (এমপি) প্রার্থী মো. নাজমুল হাসানের মোটরসাইকেল মাত্র ৩৬ সেকেন্ডে চুরির ঘটনা ঘটেছে। ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার বাসার গ্যারেজ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবক মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই দিন সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রার্থী।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ‘ডাব’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. নাজমুল হাসান। পেশায় তিনি একজন আইনজীবী এবং ফরিদপুর জজকোর্টে কর্মরত। তার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে তিনি তার ফরিদপুর শহরের বাসার নিচতলার গ্যারেজে মোটরসাইকেল রেখে আদালতে যান। দুপুর ৩টার দিকে বাসায় ফিরে এসে তিনি গ্যারেজে মোটরসাইকেলটি খুঁজে পাননি। পরে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে বাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে কালো মাস্ক পরা আনুমানিক ২৫ বছর বয়সী, মাঝারি গড়নের এক যুবক নীল-সাদা ছিটের শার্ট ও খাকি প্যান্ট পরে দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে গ্যারেজে প্রবেশ করে। এরপর মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলটি নিয়ে চলে যায়।
ফুটেজে আরও দেখা গেছে, গ্যারেজে আরও দুটি মোটরসাইকেল থাকা সত্ত্বেও চোর সরাসরি নির্দিষ্ট মোটরসাইকেলটির কাছে গিয়ে খুব দ্রুত সেটি নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে এমপি প্রার্থী মো. নাজমুল হাসান বলেন, “আমি কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছি। মোটরসাইকেলটি উদ্ধারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশের কাছে অনুরোধ করেছি। সিসিটিভি ফুটেজও পুলিশকে দেয়া হয়েছে। আশা করছি দ্রুত চোরকে গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধার করা হবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ বলে মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত চোরকে গ্রেফতার এবং মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।”
(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)
