গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারী চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ যাত্রী আহত হয়েছে।
আজ সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া গ্রামের সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) ও একই গ্রামের আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ডুমদিয়ায় একটি ব্যাটারী চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি ডুমড়ে মুচড়ে যায়। জিকার সরদার ও হাসিব শেখ নামে দুই ইজিবাইক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ইজি বাইকের আরো ৩ যাত্রী আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ২ জনের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)
