রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ২০ হাজার টাকা চাঁদার দাবিতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরার তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিরন্ময় মন্ডল ও তার ছয় বছরের শিশু কন্যা নাতাশা মন্ডলকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে এক হাজার টাকা। এ সময় ভাংচুর করা হয়েছে তার ব্যবহৃত মোটরসাইকেলটি। 

আজ সোমবার সকালের দিকে সাতক্ষীরার তালা উপজেলার দলুয়া-মশিয়াডাঙা ও আহসাননগর-দলুয়া সড়কের কৃষ্ণনগর তিন রাস্তার মোড়ে (কালভার্টের উপর) এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ক্ষুব্ধ গ্রামবাসী চাঁদাবাজ সজীব সরদারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃত সজীব সরদার (৩১) পাটকেলঘাটা থানাধীন খলিশখালি ইউনিয়নের টিকারামপুর গ্রামের ও টিকারামপুর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল খালেক সরদারের ছেলে। আহত হিরন্ময় মন্ডল তালা উপজেলার মাদরা গ্রামের হরিপদ মন্ডলের ছেলে।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিরন্ময় মন্ডল জানান, সোমবার সকালে মেয়ে নাতাশাকে (৬) নিয়ে পাসপোর্ট করার জন্য মটর সাইকেলে সাতক্ষীরার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। পৌনে ১০টার সময় তিনি কৃষ্ণনগর গ্রামের তিন রাস্তার মোড়ে কালভার্টে পৌঁছালে পিছন দিক থেকে সজীব সরদার নামের এক ব্যক্তি সামনে এসে তার মটর সাইকেলটি আড় করে দেয়। তাকে সরে যেতে বললে সে গালিগালাজ করার একপর্যায়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। দিতে অপারগতা প্রকাশ করায় তাকে ও তার মেয়েকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। ভাঙচুর করা হয় তার এপ্যাচি -১২৫ মোটরসাইকেল। তার কাছে থাকা এক হাজার টাকা কেড়ে নেওয়া হয়। বাকি ১৯ হাজার চাঁদার টাকা এক সপ্তাহের মধ্যে না দিলে তাকে ও তার মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে ও মেয়েকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পালিয়ে যাওয়ার সময় চাঁদাবাজির এক হাজার টাকাসহ সজীব সরদারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এদিকে টিকেরামপুর গ্রামের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, ২০২৪ সালের ৫ আগষ্টের পর সজীব সরদার নিজেকে তার সরকার ক্ষমতায় দাবি করে বাবার বিএনপি নেতা পরিচয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ আওয়ামী লীগ নেতা, কর্মী ও সমর্থকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল।

খলিশখালি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক ওবায়দুল্লাহ জানান, সোমবার দুপুরে জনগনের সহায়তায় টিকারামপুর গ্রাম থেকে সজীব সরদারকে আটক করে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে। তার বাবা টিকারামপুর ওয়ার্ড বিএনপি’র সভাপতি। সজীবের কাছ থেকে হিরন্ময়ের কাছ থেকে নেওয়া এ হাজার টাকার মধ্যে ৯২৫ টাকা উদ্ধার করা হয়েছে। বাকী ৭৫ টাকা সে সিগারেট খেয়েছে বলে দাবি করেছে।

এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফুল কবীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তবে উপপরিদর্শক সজীব বালা জানান, এ ঘটনায় হিরন্ময় মন্ডল বাদি হয়ে সোমবার বিকেলে সজীব সরদারের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দাখিল করেছেন। সজীব সরদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)