এখন থেকে পুরো ডিসেম্বর বন্ধ থাকবে না অধস্তন আদালত
স্টাফ রিপোর্টার : অধস্তন আদালতের অবকাশকালীন দেওয়ানী ছুটি টানা এক মাসের পরিবর্তে দুই দফায় ১ থেকে ১৫ জুন এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত চলতি বছর থেকে কার্যকর করা হবে।
ফুলকোর্ট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে মঙ্গলবার জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, ০৯ ফেব্রুয়ারি বিকেল চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ‘ফুলকোর্ট সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় অধস্তন আদালতের অবকাশকালীন দেওয়ানী ছুটি টানা এক মাসের পরিবর্তে দুই দফায় ১ থেকে ১৫ জুন এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চলতি বছর (২০২৬ সাল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সভায় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে সভায় উপস্থিত সকল বিচারপতিদের অবহিত করেন। ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তা এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী পদায়নের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম চলমান আছে মর্মে তিনি ফুলকোর্ট সভায় উপস্থিত সকল বিচারপতিদের জানান।
এছাড়া, সুপ্রীম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার জন্য অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে তিনি উল্লেখ করেন।
আরও জানায়, নির্মাণ কাজ শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২য়, ৩য় এবং ৪র্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৬)
