কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের রজপাড়া সিক্সলেন এলাকায় রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কুদ্দুস হাওলাদার নামে এক শ্রমিক নিহত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, সোমবার রাতে রাতে এক আত্মীয়ের বাসা থেকে ধানখালীর লোন্দা গ্রামের বাসায় যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দেয়। এতে কুদ্দুস গুরুতর জখম হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল মেডিকেলে রেফার করা হয়। কিন্তু মঙ্গলবার সকালে বরিশাল থেকে ঢাকায় নেয়ার পথে কুদ্দুস মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কলাপাড়ায় থানায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ জানায়।

(এমকে/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৬)