‘ফরিদপুরে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত’
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ (সদর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, 'সুষ্ঠু নির্বাচন হলে ফরিদপুরে বিএনপির জয় নিশ্চিত। সাম্প্রতিক মিছিল ও গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া তাদের জয় নিশ্চিতের ইঙ্গিত দিচ্ছে বলেও দাবি করেন নায়াব।
আজ মঙ্গলবার সকালের দিকে জেলা শহরে অবস্থিত তার পৈতিক নিবাস ময়েজ মঞ্জিলে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে চৌধুরী নায়াব ইউসুফ উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, ফরিদপুরে নির্বাচনের পরিবেশ শুরু থেকেই শান্ত ও সুষ্ঠু রয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে কিছু ছোটখাটো অভিযোগ দৃশ্যমান হলেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি। প্রচারণা শুরুর আগে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা এখন পর্যন্ত নির্বাচনের সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। দেশের অন্যান্য এলাকার তুলনায় এ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।'
বিএনপি'র এ প্রার্থী আরও জানান, 'বিদেশে অবস্থানরত ভোটারদের অনেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন, এবং তাদের অধিকাংশ ভোটই ধানের শীষের পক্ষে পড়েছে, যা আমাদের জন্য আশাব্যঞ্জক।'
সংবাদ সম্মেলনে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর নেতাকর্মীদের ইঙ্গিত করে নায়াব ইউসুফ বলেন, একটি পক্ষ বাড়ি বাড়ি গিয়ে নারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহের চেষ্টা করছে, যা দুরভিসন্ধিমূলক। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
এছাড়া, নির্বাচন যেনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং নির্বাচনে যেনো কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে ব্যাপারে স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন চৌধুরী নায়াব ইউসুফ।
এ সংবাদ সম্মেলনে তার সাথে ময়েজ মঞ্জিলে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, নায়াবের চাচাতো ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, সাবেক ছাত্রদলনেতা এডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতনসহ জেলা ও স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ।
(আরআর/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৬)
