প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা কার্যক্রম হাতে নিয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়নে যৌথ বাহিনীর সমন্বিত মহড়া ও টহল জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে নগরকান্দা উপজেলার সব ইউনিয়নে একযোগে এই মহড়া পরিচালিত হয়। থানা পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতে অংশগ্রহণ করেন। প্রতিটি ইউনিয়নে সংশ্লিষ্ট বিট অফিসারের নেতৃত্বে মহড়া পরিচালনা করা হয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মেহরাজ শারবীন, নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. রাসুল সামদানী আজাদের সার্বিক দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, বাজার, সড়ক ও জনবহুল এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

মহড়ার মাধ্যমে উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং সাধারণ মানুষের মাঝে আস্থা ও নিরাপত্তাবোধ জোরদার করার বার্তা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন সময়জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

(পিবি/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৬)