পাংশায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর
এ,কে,আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী-২ আসনের অন্যতম নির্বাচনী এলাকা পাংশা উপজেলায় উৎসবমুখর পরিবেশে হস্তান্তর করা হচ্ছে ভোটের সরঞ্জাম।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রিফাতুল হকের তত্ত্বাবধানে ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল হতে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পাংশা উপজেলা হতে ৭৭ টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নির্বাচনের সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে। সকল ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার বৃন্দের নিকট ব্যালট ও ব্যালট বক্সসহ নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রিফাতুল হক জানান, পাংশা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ইতোমধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ছয়জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি আনসারসহ নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছেন ও কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ নেই। আমরা যে কোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য সকল ব্যবস্থা করেছি। ভোটাররা নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
(একে/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৬)
