গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ  ঘটনা ঘটে।  

পুলিশের মিডিয়া গ্রুপে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন লঞ্চঘাট টু ঘোনাপাড়া পৌর সড়কের ফুটপাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা একটি ককটেল নিক্ষেপ করলে ককটেল বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। দুষ্কৃতিকারীরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায় মর্মে স্থানীয়ভাবে জানা যায়। তবে কোন ক্ষয়ক্ষতি হয় নাই। সংবাদ পেযে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সদর থানার অফিসার ইনচার্জ, ঘটনাস্থল পরিদর্শন করেন। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

জেলা পুলিশের গ্রুপ থেকে ককটেল বিস্ফোরণের যে জায়গাটি উল্লেখ করা হয়েছে, সেটি জেলা প্রশাসকের বাসভবনের সামনে।

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরআগে শহরের ৪ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ শহরের কলেজ রোডের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে এবং ২৬ জানুয়ারি গোবরা এলাকায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় ২ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় । এরও আগে ১২ ডিসেম্বর শহরের জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, দুষ্কৃতিকারীরা একটি ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। এসময় দুষ্কৃতিকারীরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে । বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

(টিবি/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৬)