সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : শীতলক্ষ্যা, ব্রম্মপুত্র ও বানার নদী বেষ্টিত ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি কাপাসিয়া। এ উপজেলার ১১ ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর- ৪ কাপাসিয়া সংসদীয় আসন। এ আসনে  দাড়ি পাল্লা ও ধানের শীষনে মধ্যে হাড্ডাহাডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী সালাউদ্দিন আইউবীর পক্ষে ইতোমধ্যেই ব্যাপক ও অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। অতীতে কাপাসিয়ায় কোন জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে এমন গণজোয়ার দেখা যায়নি। এ গণজোয়ার থেকে ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় ব্যালট বিপ্লব ঘটবে বলে চাউর হচ্ছে।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী একজন বহুমুখী প্রতিভার অধিকারী তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব। ইসলামি ও আধুনিক শিক্ষায় সুশিক্ষিত সালাউদ্দীন আইউবী বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে হাদিস শাস্ত্রে সর্ব্বোচ্চ ডিগ্রি কামিল পাশ করেন।

বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি তাঁর নির্বাচনী এলাকা কাপাসিয়ায় বিভিন্ন মসজিদে জুমাবারে খুতবা দেয়া থেকে শুরু করে অসংখ্য জানাজার নামাজে অংশ গ্রহণ ও ইমামতি করে ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

সালাউদ্দিন আইউবী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার, বিনামূল্যে ফ্রী চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা, অসহায় মানুষের চোখের ছানি অপারেশন, টিউবওয়েল বিতরণ, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গরু, ছাগল বিতরণ, গৃহ নির্মাণে টিন বিতরণ, নতুন মসজিদ ও অযুখানা নির্মাণ, মন্দির সংষ্কারে অর্থ বরাদ্দের মতো নানা ধরনের জনহিতকর ও মহতি কাজ করে কাপাসিয়ার সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে নির্বাচনী প্রচারণার এখন তুঙ্গে। এ নির্বাচনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, সিপিবি, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন সহ স্বতন্ত্র মিলে ৭ জন প্রার্থী থাকলেও মূলত নির্বাচনী লড়াই হবে জামায়াতে ইসলামী সালাউদ্দিন আইউবী ও বিএনপির প্রার্থীর শাহ রিয়াজুল হান্নান রিয়াজ এর মধ্যে।

ঐতিহ্যবাহী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক পাটমন্ত্রীর বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ এর পুত্র শাহ রিয়াজুল হান্নান। বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীরই সক্রিয় প্রচার-প্রচারণায় নির্বাচনী মাঠ এখন সরব ছিল। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন ১৯৭৯ সালের নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য, কাপাসিয়া বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক মরহুম ডা: সানাউল্লাহ’র ছেলে মেজর (অব:) শফিউল্লাহ মিঠু। শাহ রিয়াজুল হান্নান ও শফিউল্লাহ মিঠু একই ইউনিয়ন ঘাগটিয়ার বাসিন্দা। এ আসনে জাতীয় পার্টি প্রার্থী এনামুল কবির (লাঙ্গল), কমিউনিস্ট পার্টির মানবেন্দ্র দেব (কাস্তে), ইসলামী আন্দোলনের মাওলানা কাজিম উদ্দিন (হাতপাখা), আমজনতার জাকির হোসেন (প্রজাতি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত কাপাসিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৬৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৯৫১ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৬৮০ জন। নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় বেশি হওয়ায় ভোটের হিসাব-নিকাশে এ অংশটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ আসনে ১ লাখ ২৬ হাজার তরুণ ভোটার রয়েছে । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুর-৪ আসনে প্রচলিত দলীয় ভোটব্যাংকের পাশাপাশি তরুণ ভোটারদের মনোভাবই এবার নির্বাচনের ফল নির্ধারণে বড় প্রভাব ফেলবে। নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সালাউদ্দিন আইউবী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ও আত্মবিশ্বাসী।

সংসদ নির্বাচন বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মু. সালাউদ্দিন আইয়ুবী বলেন, আমরা স্বাধীন স্বাধীনভাবে পথ চলব এবং জুলাই বিপ্লবের চেতনা আমাদের পথ চলার অনুপ্রেরণা। জামায়াত ক্ষমতায় গেলে যে কোন প্রকার দুর্ণীতি, দখলবাজী, চাঁদাবাজী প্রতিরোধ করা হবে। তিনি আশা করেন মানুষ পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীককেই পছন্দ করে বেছে নিবে। শাহ রিয়াজুল হান্নান তাঁর পিতা আসম হান্নান শাহর অসমাপ্ত কাজ ও স্বপ্ন পূরণের কথা বলে ভোট প্রার্থনা করেছেন। নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ ভোটার, হিন্দু সম্প্রদায়ের ভোট একটি বড় ফ্যাক্টর। কমিউনিস্ট পার্টির মানবেন্দ্র দেব আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের কিছু ভোট টানতে পারেন বলে অনেকেই ধারণা পোষণ করছেন। ভোটারদের সাথে আলাপচারিতায় এবং মাঠ পর্যায়ে সমীকরণ বিশ্লেষণে মনে হচ্ছে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে জামায়াতে ইসলামী ও বিএনপি মনোনীত প্রার্থীর মধ্যে। তিনি ইতোমধ্যেই কাপাসিয়ার সাধারণ মানুষের মন জয় করতে ও কাছে টানতে সক্ষম হয়েছেন। ছাত্র, যুবক, নারী পুরুষ ও আবালবৃদ্ধবনিতার ভালোবাসায় সিক্ত সালাউদ্দিন আইউবীর নির্বাচনে বিজয়ী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।

(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৬)