ডিবির বিশেষ অভিযান
ঈশ্বরদীতে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ গ্রেফতার ৩
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঈশ্বরদীতে পৃথক দুটি বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে। আজ বুধবার দুপুরে পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন—ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার চিংড়াখালি গ্রামের (বর্তমান ঠিকানা: ঈশ্বরদী থানার পাকশী ইউনিয়ন) মো. কামালের ছেলে মো. শাহীন (২০), ঈশ্বরদী থানার দিয়াড় বাঘইল গ্রামের হযরত প্রামানিক (৪৭) এবং বড়ইচারা গ্রামের বাদশা মিয়ার ছেলে মমিনুর ইসলাম খোকন (৩৩)।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১০ ফেব্রুয়ারি দিবাগত ভোরে ঈশ্বরদী থানার পাকশী ইউনিয়নের মেরিনপাড়া এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আওতাধীন ওয়াসা প্রকল্পের গেস্ট হাউস সংলগ্ন টিনশেড স্টোররুমের ভেতর ও আশপাশ থেকে একটি বিদেশি তৈরি সচল সেমি-অটোমেটিক সেলফ-লোডেড রাইফেল (এসএলআর)সহ লোডেড ম্যাগাজিন ও ৭ রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি .২২ বোর রাইফেলসহ ম্যাগাজিন ও তাজা কার্তুজ এবং একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. শাহীনকে আটক করা হয়।
শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তার সহযোগী হযরত প্রামানিককে দিয়াড় বাঘইল গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে একই সময়ে আরেকটি অভিযানে ঈশ্বরদী থানার মানিকনগর পশ্চিমপাড়া এলাকা থেকে মমিনুর ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকনগর পশ্চিমপাড়ায় বাবুল আর্মির পরিত্যক্ত মিলের পশ্চিম পাশে একটি লোহার তৈরি পরিত্যক্ত পানির ট্যাংকের ভেতর থেকে একটি বিদেশি সচল ৯ এমএম পিস্তলসহ লোডেড ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি তৈরি সচল ৭.৬৫ এমএম পিস্তলসহ লোডেড ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩১ রাউন্ড ১২ বোর তাজা কার্তুজসহ একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধেও অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম জানান, পুলিশ সুপার আনোয়ার জাহিদের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে অভিযান দুটি পরিচালিত হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই অসিত কুমার বসাক, এসআই বেনু রায় পিপিএম, এসআই আব্দুল লতিফ, এসআই জাকারিয়া, এসআই বুরজাহান, এসআই মহিদুল ইসলাম ও এসআই সেলিম রেজাসহ ডিবির একটি চৌকস দল অংশ নেয়। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৬)
