ঝিনাইদহে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ২৩৭টি, বাড়তি নিরাপত্তা
হাবিবুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে ভোট গ্রহণকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার মোট ৫৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৭ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে ঝিনাইদহ-১ আসনে ৫৬ টি, ঝিনাইদহ- ২ আসনে ৬৩ টি, ঝিনাইদহ- ৩ আসনে সর্বোচ্চ ৮৭টি ও ঝিনাইদহ- ৪ আসনে ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।
জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো গুরুত্ব দিয়ে ইতোমধ্যে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। জেলা শহরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা, কড়া নজরদারি ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সার্বিক প্রসতুতি রাখা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৩৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৮৩ হাজার ৭৯৩ জন ও নারী ভোটার ৭ লাখ ৯১ হাজার ৫৩৪ জন। চারটি আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(এইচআর/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৬)
