আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সাধারণ ভোটারদের সাথে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের নিজ ভোটকেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট প্রদান শেষে এম জহির উদ্দিন স্বপন বলেন, বহু বছর পর সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে দিনের প্রথম প্রহরে ভোট দিতে পেরে আনন্দ অনুভব করছি। এদেশের মানুষ প্রায় দুই দশক পর অনেক ত্যাগের বিনিময়ে ভোটাধিকারের প্রয়োগের সুযোগ পেয়েছেন। অধিকার চর্চার এই সময়ে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই চর্চা ফিরে পেয়েছি। নিজের বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশা ব্যাক্ত করেন।

অপরদিকে বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান নিজ নিজ ভোটকেন্দ্রে প্রদান করেছেন। এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৬)