স্টাফ রিপোর্টার : ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘নজিরবিহীন’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের ঘটনাকে জনগণের সচেতনতার ফল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, কেন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল। এটি ছিল একটি নজিরবিহীন সিদ্ধান্ত; কিন্তু জনগণ অবিচল ছিল, তারা চুপ থাকেনি এবং নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।’

ড. শফিকুর রহমান আরও বলেন, নাগরিকরা যখন সজাগ ও সচেতন থাকে, তখন কোনো শক্তিই সত্যকে গোপন করতে পারে না এবং কোনো কর্তৃপক্ষ জনগণের ইচ্ছাকে উপেক্ষা করার ক্ষমতা রাখে না।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘কোনো অপশক্তি আমাদেরকে আর বোকা বানাতে পারবে না। এই জাতি আজ জাগ্রত।’

তিনি বিশেষ করে তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘জেন-জি’ প্রজন্মকে ধোঁকা দেওয়া সম্ভব নয়; তারা পর্যবেক্ষণ করে, প্রশ্ন তোলে এবং নিজেদের অবস্থানে অনড় থাকে।

সরকার নির্বাচনের বিষয়ে জনগণের চূড়ান্ত সিদ্ধান্তের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, সরকার বেছে নেওয়ার অধিকার জনগণের এটাই নিয়ম এবং এটাই হওয়া উচিত।

তিনি নাগরিকদের এই অধিকার রক্ষায় সজাগ থাকার আহ্বান জানান।

পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘যে জাতি জাগ্রত, তাকে কেউ পরাজিত করতে পারে না।’

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৬)