‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
বিনোদন ডেস্ক : দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
ঢাকা-১৮ আসনের ভোটার এই অভিনেতা। তিনি রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রে ভোট দেন।
এদিন বেলা ৩টার দিকে উত্তরার আজিমপুরে অবস্থিত সেই স্কুলের সামনে গাড়ি থেকে নেমে হাসিমুখে ভোট দিতে কেন্দ্রের ভেতরে যেতে দেখা গেছে অপূর্বকে। এসময় তাকে বেশ উচ্ছ্বসিতও দেখা গেছে।
এদিন সামাজিকমাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন অপূর্ব। তার কথায়, দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর আমরাই, আর তার শুরুটা হয় একটি ভোট দিয়ে।
একটি সুন্দর আগামীর জন্য আজ আমার ভোটটি দিলাম।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৬)
