স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা মঞ্চ থেকে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। আদালতের আদেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

এ দুই আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে।

এদিকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে তিনটি আলাদা চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন (ইসি)। চিঠিগুলোতে বলা হয়েছিল আদালতে মামলা চলমান থাকায় এসব আসনের ফলাফল ঘোষণা করা হবে না। তবে এর মধ্যে শেরপুর-২ আসনের ফলাফল ঘোষণা করা হয়।

তবে গেজেট প্রকাশ করবে না বলে জানা গেছে।

ইসি ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি পেয়েছে কমপক্ষে ২১০টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৫টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন, স্বতন্ত্র থেকে ভোটে দাঁড়িয়ে জয় পেয়েছেন ৬ জন। এছাড়া অন্যান্য দলের অন্তত ৮ জন প্রার্থী জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৯৯ আসনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গণভোটের ফলাফল দিতে পারেনি কমিশন। এছাড়া সংসদ নির্বাচনের ফলাফলের দল ভিত্তিক প্রাপ্ত আসনের সংখ্যাও জানায়নি। শেরপুর-৩ আসনে একজন প্রার্থী মৃত্যুবরণ করায় আগেই ভোট স্থগিত করেছে ইসি। এখন নতুন তফসিল দিয়ে এ আসনে ভোটগ্রহণ করা হবে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০২৬)