পাবনা- ৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী
ঈশ্বরদী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মনোনীত প্রার্থী ও পাবনা জেলা আমির। প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হাবিব-কে ৩ হাজার ৬৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি এই আসনে জয় নিশ্চিত করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৯২ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৮৪১ ভোট।
ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার মোট ১২৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঈশ্বরদীতে ৮৪টি এবং আটঘরিয়ায় ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে; অনেক কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটারদের।
এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল বিএনপির হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু এবং জামায়াতের অধ্যাপক আবু তালেব মন্ডলের মধ্যে। শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ী হন তালেব মন্ডল।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “এ বিজয় ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষের বিজয়। সবার দোয়া ও সহযোগিতা চাই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৬)
