স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েও কলম্বো যাচ্ছেন না। ফলে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে বসে ভারত-পাকিস্তানের বহুল আলোচিত ম্যাচটি দেখা হচ্ছে না তার।

বিসিবি সূত্রে জানা গেছে, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি মাঠে গড়াতে যে কূটনৈতিক তৎপরতা দরকার ছিল, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বুলবুল। বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে সমন্বয় তৈরিতে কাজ করেছেন তিনি।

শেষ পর্যন্ত সেই উদ্যোগই ম্যাচ আয়োজনের পথ সুগম করে।

আইসিসি চেয়েছিল উপমহাদেশের ক্রিকেট বোর্ডগুলোর শীর্ষ কর্মকর্তারা কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করুন। সেই তালিকায় বিসিবি সভাপতির নামও ছিল।

এদিকে কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষ করে গতকাল রাতেই বুলবুলের দেশে ফেরার কথা রয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা বুলবুলের।

এরমধ্যেই আমন্ত্রণ থাকা সত্ত্বেও বিশ্বকাপে বাংলাদেশের উপস্থিতি না থাকায় ভারত-পাকিস্তান ম্যাচে সরাসরি মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সব মিলিয়ে, পর্দার আড়ালে সক্রিয় ভূমিকা রাখলেও গ্যালারিতে বসে ঐতিহাসিক এই লড়াই দেখা হচ্ছে না বিসিবি সভাপতির।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০২৬)