মাহমুদ ফজল, মাগুরা : গান, আবৃত্তি আর বাঙালির ঐতিহ্যবাহী খাবারের সমারোহে শনিবার বসন্তকে বরণ করা হলো মাগুরায়। মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, মাগুরা শাখার আয়োজনে পহেলা ফাল্গুন সকালে শহরের এম আর রোডস্থ কণ্ঠবীথির কার্যালয়ে অনুষ্ঠিত হয় বসন্ত বরণ অনুষ্ঠান। হলুদ বাসন্তি রঙের পোষাকে সংস্কৃতি প্রেমিক মানুষেরা উপস্থিত হয় অনুষ্ঠানে। 

নীল দিগন্তে ঐ সুরের আগুন লাগলো- গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা একটার পর একটা বসন্তের গান পরিবেশন করে। ফাঁকে ফাঁকে কণ্ঠবীথির সদস্যদের সাবলিল কণ্ঠে উচ্চারিত হয় বসন্তের আবৃত্তি।

অনুষ্ঠানে বসন্ত নিয়ে আলোচনায় অংশ নেয় সাংবাদিক রকিবুল হক দিপু, এডভোকেট মোখলেসুর রহমান, আব্দুর রমিম, রাশেদুল ইসলাম ও ফজল মাহমুদ। সভায় সভাপতিত্বে করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মাগুরা শাখার সভাপতি মাজহারুল হক লিপু।

অনুষ্ঠান শেষে সবাইকে বাঙালির ঐতিহ্য মুড়ি, মুড়কি, মোয়া, বাতাসা, কদমা ও বরই দিয়ে আপ্যায়ন করে।

(এমএফ/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৬)