তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : স্বাধীনতার পর এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন। নির্বাচিতরা এ জেলার পক্ষ থেকে এই প্রথম সংসদে যাচ্ছেন। তারা এখানকার চলামান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে চান। জেলাটিকে একটি সাম্য, মানবিক,  অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত হিসেবে গড়তে চাইছেন। এছাড়া নব নির্বাচিত ৩ সংসদ সদস্য এলাকার বেকার, যুবসমাজ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি তারা গোপালগঞ্জ জেলাকে সম্প্রীতির জেলা হিসবে গড়তে ইচ্ছা পোষন করেছেন। সেই সাথে ব্যবসা বাণিজ্য ও শিল্পের প্রসার ঘটাতে কাজ করবেন বলে জানিয়েছেন। 

আজ শনিবার দুপুরে শহরের থানাপাড়ার নিজ বাসভবনে কথা হয় গোপালগঞ্জ সদর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডা. কেএম বাবরের সাথে।

তিনি বলেন, গোপালগঞ্জের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই গোপালগঞ্জ বাসীর শান্তি, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করাই আমার আগ্রাধিকার ভিত্তিক প্রথম কাজ। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার করব। গরীবের ডাক্তার খ্যাত এ চিকিৎসক নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে গোপালগঞ্জের স্বাস্থ্য সেবা সেক্টরে বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন জানিয়ে বলেন, আমি আমার প্রতিশ্রুতি ওই সময়ের মধ্যে বাস্তাবায়ন করবো।

তিনি বলেন, জনগন আমাকে ভালবেসে ভোট দিয়েছে। আমি তাদের প্রতিদান দিতে চাই। আমি গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে দাড়াতে চাই। তাদের কর্ম সংস্থানের ব্যবস্থা হবে। গোপালগঞ্জকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক মুক্ত করবো। এখানে সুশাসন থাকবে। গোপালগঞ্জের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করবো। এছাড়া আমার আরো অনেক অঙ্গীকার আছে, প্রত্যাশা, পরিকল্পনা আছে। বিগত সরকার গোপালগঞ্জের জন্য যা করতে পারেনি, সেই কাজগুলো আমি করতে চাই।বি্এনপির চেয়ারপার্সন তারেক রহমানের কাছে গোপালগঞ্জ নিয়ে আমাদের পরিকল্পনার কথা জানাবো। আমার বিশ্বাস তারেক রহমান আমাদের এ বিশেষ জেলার প্রতি বিশেষ নজর দেবেন। এ জেলায় বিশেষভাবে উন্নয়ন সহ বিশেষ বিশেষ উদ্যোগ নেবেন বলে আমি বিশ্বাস করি।

দ্বিধা বিভক্ত সমাজে শান্তিপূর্ণ সহ অবস্থানে নিয়ে আসাকে প্রথম অগ্রাধিকার ভিত্তিক কাজ আখ্যা দিয়ে গোপালগঞ্জ- ১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনে নির্বাচিত সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিগত দিনগুলোতে আমাদের সমাজ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। যাতে সম্প্রীতি বজায় রেখে পরস্পর-পরস্পরের ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে পারি, সেই কাজটাই আমি সর্ব প্রথম করব। এতে সমাজে শান্তি আসবে। সম্প্রীতি বজায় থাকবে। এ অবস্থায় জেলায় সম্প্রীতি সবচেয়ে বড় বিষয় বলে তিনি মন্তব্য করেন।

গোপালগঞ্জ ৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন, আগামী দিনে এলাকাকে একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত হিসেবে গড়তে চাই। সেজন্য আমি এলাকার সব মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, পরিকল্পিতভাবে এখানকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কোন পরিকল্পনা আগে কেউ গ্রহণ করেনি। আমি চেষ্টা করবো। আমার সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র, মাঝারি শিল্প গড়ে তুলতে। এলাকার বেকার যুবসমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেন বেকার না থাকে। তারা যেন কর্মসংস্থানের সুযোগ পায়, সেজন্য আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৬)