গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইখলাস খাঁ (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। আজ সোমবার ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রবিবার সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার গান্ধিয়াশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইখলাস খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামের মোমরেজ খাঁর ছেলে। আহতরা হলেন- কাশিয়ানী উপজেলার যদুপুর গ্রামের আমজাদ কাজীর ছেলে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী (১৮) ও একই গ্রামের নসু কাজীর ছেলে আরোহী ইসানুর কাজী (১৬)।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর উপজেলার গান্ধিয়াশুর নামক স্থানে গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন ইখলাস খাঁ। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল পথচারী ইখলাসকে ধাক্কা দেয়। এতে পথচারী ইখলাস খাঁ, মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী ও আরোহী ইসানুল কাজী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে। সেখানে ইখলাস খাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৬)
