তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী। 

আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাত করতে যান এস এম জিলানী। এ সময় তিনি তারেক রহমানের হাতে ফুলের তোড়া তুলে দেন।

কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রায় ১৮ হাজার ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা ও আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে এস এম জিলানী নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা।

এস এম জিলানী বলেন, ৪০ বছর ধরে রাজনীতি করছি। শত হামলা, মামলা, নির্যাতনের পরেও আদর্শ থেকে একটুও বিচ্যুত হইনি। আমাদের সাংগঠনিক অভিভাবক, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাকে গোপালগঞ্জ-৩ থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছিলেন। আমি তাঁকে জয় উপহার দিতে পেরেছি। আমার বিষয়ে তিনি আগামীতে যে সিদ্ধান্ত গ্রহণ করেন আমি তা মাথা পেতে নেব।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৬)