স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান। ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়েই দৃশ্যপট বদলে দেন ফারজানা ইয়াসমিন। দ্বিতীয় বলে চার এবং তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ একাই নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। শেষ ২ বলে যখন মাত্র ১ রান দরকার, তখন সিঙ্গেল নিয়ে এক বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন এই ডানহাতি ব্যাটার। ১৫ বলে ২৩ রানের অপরাজিত এক ‘ক্যামিও’ খেলে ম্যাচের নায়ক বনে যান ফারজানা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করল ফাহিমা খাতুনের দল।

গতকাল সোমবার ব্যাংককে নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে থাইল্যান্ড নারী জাতীয় দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। আগে ব্যাটিং করে ১০৯ রান করে থাই নারীরা। জবাবে শেষ ওভারে জয় পায় বাংলাদেশ।

গ্রুপ ‘বি’-তে দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। ১টি করে জয় নিয়ে নেট রান রেটের ব্যবধানে দুই ও তিন নম্বরে যথাক্রমে শ্রীলঙ্কা ও স্বাগতিক থাইল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। সেই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, শেষ চার নিশ্চিত টাইগ্রেসদের। অন্যদিকে শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মধ্যকার শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনাল।

এদিন রান তাড়া করতে নেমে মাত্র ১১ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করেন ওপেনার শামীমা সুলতানা ও লতা মন্ডল। এই জুটি স্কোরবোর্ডে ৪৩ রান যোগ করেন। শামীমা ২৬ এবং লতা মন্ডল ধৈর্যশীল ৩০ রান করে আউট হলে আবারও হারের শঙ্কা জাগে। তবে শেষ পর্যন্ত ফারজানার দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে, টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই লঙ্কানদের চাপে রাখে। থাইল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ১০৯ রানেই আটকে দেয় টাইগ্রেস বোলাররা। থাই ওপেনার নান্নাপাত কনচারোয়েনকাই সর্বোচ্চ ৩৪ রান করেন। বাংলাদেশের পক্ষে অধিনায়ক ফাহিমা খাতুন ও শরীফা খাতুন ২টি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও জান্নাতুল ফেরদৌস।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০২৬)