প্রথমবার এমপি হয়েই মন্ত্রী পরিষদে ঠাঁই পেলেন টুকু
টাঙ্গাইল প্রতিনিধি : প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী পরিষদে ঠাঁই পেলেন হয়েছেন টাঙ্গাইল- ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু। তিনি কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। একই পরিবারের দুই ভাই আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল- ২ আসন ও সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল- ৫ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট যুদ্ধে অংশ গ্রহণ করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সারাদেশে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি সমর্থিত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু মন্ত্রিসভায় স্থান পাওয়ায় টাঙ্গাইলের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। টাঙ্গাইল ৫ আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ৮২৩ ভোট।
সুলতান সালাউদ্দিন টুকু বিগত আওয়ামী লীগ সরকারের আমলের একাধিক মামলার আসামি হয়ে কারাভোগ করেন। তিনি কেন্দ্রীয় যুবদল সভাপতির দায়িত্ব পালন করেন। তার আপন বড় ভাই আব্দুস ছালাম পিন্টু টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
সুলতান সালাউদ্দিন টুকু প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দিত ও উচ্ছ্বসিত জেলা বিএনপির নেতাকর্মীসহ জেলাবাসী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তারা জানান, সুলতান সালাউদ্দিন টুকু প্রতিমন্ত্রী হয়েছেন। এ খবরে শুধু দলের নেতাকর্মীই নন, পুরো জেলাবাসীই আনন্দিত ও গর্বিত।
(এসএম/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৬)
