মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে “চাকরি মেলা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের নতুন ভবনে এ্যাসেট প্রকল্পের অর্থায়নে এ মেলার আয়োজন করা হয়।

নার্সিং ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য এ মেলার আয়োজন করা হয়।

মাদারীপুর ও শরীয়তপুর জেলার প্রায় ১১টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এতে স্টল স্থাপন করে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করে এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণ করে।

মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন এ্যাসেট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (স্বাস্থ্য) ডা. মেহবুবা সাঈদ, মাদারীপুর জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সরদার খলিল উজ্জামান, ডিজিএনএম-এর সহকারী পরিচালক খাদিজা বাসমিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম মেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে দক্ষ নার্সদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

(এএসএ/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৬)