মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

আজ বুধবার সকালের দিকে পৌরসভার কাকলি রাইস মিল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফুলপুরের অস্থায়ী আর্মি ক্যাম্প প্রত্যাহার করে সেনাবাহিনীর সদস্যরা ময়মনসিংহের দিকে যাওয়ার সময় শেরপুরগামী খান ট্রাভেলস নামক একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালক গুরুতর ভাবে আহত হন। পরে তাদেরকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো ১৫/২০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সেনাবাহিনীর গাড়ি চালক সার্জেন্ট রেজাউল করিম (৩৮) ও বাস চালক বাসের আলী (৫০)। উক্ত দুর্ঘটনার ফলে ময়মনসিংহ- ফুলপুর মহাসড়কে সাময়িকভাবে যানবাহন চলাচলে ভিন্ন ঘটে।

(এসআই/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৬)