আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে দোকান মালিকের বিরুদ্ধেদুইজন দোকান কর্মচারী আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দোকান মালিককে আটক করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডের নুর টেলিকমের। নির্যাতনের শিকার দুই কর্মচারী হলেন- আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের নুর আলম সরদার ও উজিরপুরের হস্তিশুন্ডু এলাকার ছাব্বির হোসেন। 

আহত নুর আলম সরদার অভিযোগ করে বলেন-গৌরনদী বাসষ্ট্যান্ডের নুর টেলিকম নামের দোকানে আমি এবং ছাব্বির কর্মরত। দোকান মালিক সুজন সরদারের সঙ্গে দোকানের পূর্বের কর্মচারীদের হিসাব সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরধরে পূর্বের কর্মচারীদের বিরুদ্ধে আমাদের দুইজনকে মিথ্যে স্বাক্ষী দিতে বলেন দোকান মালিক সুজন। আমরা তার প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার সারারাত আমাকে এবং ছাব্বিরকে দোকানের মধ্যে আটকে রেখে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে বুধবার ভোরে আমাদের দুইজনকে থানা পুলিশ উদ্ধার করে। বর্তমানে আমরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

এ বিষয়ে আটককৃত সুজনের কোন বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার এসআই আলাউদ্দিন জানিয়েছেন-এঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহনের প্রকৃয়া চলছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৬)