ফরিদপুরের মধুখালীতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেপ্তার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে হত্যা মামলায় আদালতে সাজাপ্রাপ্ত মোস্তফা কামাল (৪২) নামের এক আসামিকে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ ও র্যাব-১ এর যৌথ আভিযানিক দল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তফা কামাল (৪২)’কে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এবং র্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর।
বুধবার রাত পৌনে ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে তাপস জানান, আসামির অবস্থান নিশ্চিত হয়ে র্যাবের এ পরিকল্পিত যৌথ অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার মধুখালী থানার মামলা নম্বর- ২, তারিখ- ১ জানুয়ারি ২০১৩ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডের দণ্ডিত পলাতক আসামি মোস্তফা কামাল (৪২), পিতা- আ. আলী, সাং- উজান মল্লিকপুর, থানা- কোতয়ালি, জেলা- ফরিদপুর’কে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলো।
গ্রেপ্তারকৃত আসামি’মোস্তফা কামাল'কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
(আরআর/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২৬)
