মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে যায়। এসময় বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী মারা যায়। আহত হয় ২০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আধাঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করে। আহত ও নিহতদের নাম পাওয়া যায়নি।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এএসএ/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২৬)
