ফরিদপুরে স্টাফ নার্সের আত্মহত্যা, বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর শহরে গলায় ফাঁস দিয়ে এক নারী স্টাফ নার্স আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সাদিয়া আফরিন (৪০)। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি পশ্চিম খালাসপুর এলাকায় তার বাবার বাড়ির গ্রামে আফরোজা নামে এক নারীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ২টার পর থেকে সাদিয়া আফরিন বাসায় একাই ছিলেন। সন্ধ্যার পর তার ভাই ও বোন একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে তার ভাই আশরাফ সরণ বাসায় এসে দরজায় নক করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় রাত প্রায় পৌনে ৮টার দিকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়।
ঘরের ভেতরে প্রবেশ করে দেখা যায়, শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাদিয়া আফরিনের মরদেহ ঝুলে রয়েছে। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়। পরে এলাকাবাসীর মাধ্যমে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানায়, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ডিসি/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২৬)
