রং-তুলি আর বর্ণমালায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো কাপ্তাইয়ের শিশুরা
রিপন মারমা, রাঙ্গামাটি : মহান ২১শে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কোমলমতি শিক্ষার্থীদের আঁকায় উঠে আসে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, শহীদ মিনার ও বাংলাদেশের প্রাকৃতিক রূপ। পাশাপাশি বাংলা বর্ণমালার সঠিক ও সুন্দর গাঁথুনিতে তারা ফুটিয়ে তোলে হাতের লেখার নৈপুণ্য।
প্রতিযোগিতা চলাকালীন উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঁখি তালুকদার, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, রাইখালী জুমিয়া পুর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রতন কান্তি দে, ওয়াগ্গা হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জ্যোতিময় তঞ্চঙ্গ্যা, নুনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবদানন্দ বড়ুয়া সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উৎসাহ দিতে সেখানে উপস্থিত ছিলেন।
বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ২১শে ফেব্রুয়ারির চেতনা ও ভাষা আন্দোলনের ইতিহাস ছড়িয়ে দিতেই এই আয়োজন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।
(আরএম/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৬)
