স্টাফ রিপোর্টার : ঢাকার বাতাস শুক্রবারও দূষণের কারণে উদ্বেগজনক অবস্থায় আছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ১১৯টি শহরের মধ্যে ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে প্রকাশিত সূচকে পাকিস্তানের লাহোর শীর্ষে উঠে এসেছে ৪০৬ স্কোর নিয়ে, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে। ঢাকার বাতাস ৩২২ স্কোরে দ্বিতীয় স্থানে রয়েছে এবং এটিও ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যেখানে বায়ুগুণমান সূচক ২১২ এবং এটি ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। একই রকম অবস্থায় চতুর্থ অবস্থানে আছে ভারতের দিল্লি (২০৮ স্কোর)। এছাড়া কাতারের দোহা ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০২৬)