পাংশায় আ. লীগের কার্যালয়ের সামনে উদ্বোধনের ব্যানার
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অফিস উদ্বোধনের ব্যানার টানানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় দির্ঘ ১৮ মাস ধরে বন্ধ রয়েছে।
আজ শুক্রবার সকালে স্থানীয়রা আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে একটা ব্যানার টানানো দেখতে পান।
এ খবর ছড়িয়ে পড়লে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য সহ আইন শৃংখলা রক্ষাকারীর সদস্যরা ছুটে আসেন, সেই সাথে পথচারী ও উৎসুক জনতাও দেখতে আসেন।
আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের চা দোকানী জানান, রাতে ৮ টার দিকে চলে গিয়েছি সকালে এসে দেখতে পাই ব্যানার ঝুলছে।রাতের কোন এক সময় হয়তো কেউ লাগিয়ে গিয়েছে।
ব্যানারে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার ছেলে মিতুল হাকিমের ছবি সম্বলিত ব্যানারে লেখা রয়েছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিম পাংশা উপজেলাসহ রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধনের ঘোষণা। নির্দেশনায় মিতুল হাকিম।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে ব্যানার পাওয়া যায়নি। তবে যারা ব্যানার লাগিয়ে ছিলো তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
(একে/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৬)
