কাপ্তাইয়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হলো ভাষা শহীদদের
রিপন মারমা, রাঙ্গামাটি : যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোক আর শ্রদ্ধায় হাতে পুষ্পস্তবক নিয়ে শত শত নারী-পুরুষ স্মরণ করেছেন ভাষা আন্দোলনের বীর শহীদদের।
একুশের প্রথম প্রহরে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের।
শহীদ বেদিতে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কাপ্তাই উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন, কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশ, আনসার বাহিনী, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা এসিল্যান্ড, ফায়ার সার্ভিস, উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও একে একে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত সকলের কণ্ঠে ধ্বনিত হয় একুশের কালজয়ী গান— "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি"। ভাষা শহীদদের স্মরণে এক গাম্ভীর্যপূর্ণ ও শোকাতুর পরিবেশের সৃষ্টি হয় পুরো শহীদ মিনার এলাকায়। উপস্থিত সকলে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং ভাষার মর্যাদা রক্ষার করার প্রতিশ্রুতি দেন সকলে।
(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)
