তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ- ৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) নবনির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা বীর শহীদদের মনে করবো তাদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। কারণ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় অনুষ্ঠান। প্রতিটি বছর আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি। যাদের রক্তের বিনিময়ে প্রিয় মাতৃভাষা পেয়েছিলাম এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর ১২ টা ০১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর ১২ টা ০১ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি।

নতুন এমপির পর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, টুঙ্গিপাড়া থানা, পৌরসভা, উপজেলা ও পৌর বিএনপি, পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন স্কুল কলেজ ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, থানার ওসি আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সকাল ৮ টায় টুঙ্গিপাড়া সরকারি কলেজ থেকে প্রভাতফেরি বের করে শিক্ষার্থীরা। সাদা-কালো পোশাকে, খালি পায়ে ও ফুল হাতে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে কলেজ এলাকা মুখরিত করে তোলে। এছাড়া বিভিন্ন বয়সী মানুষ সরকারি কলেজ শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)