একুশের প্রথম প্রহরে ফরিদপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। প্রথমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন কার্যালয়, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, পৌরসভা, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া জেলা ক্রীড়া অফিস, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পিবিআই, টাউন থিয়েটার, বাংলা থিয়েটার, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, সরকারি শিশু সদন, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এলজিইডি, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা কারাগার, আনসার ও ভিডিপি, র্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন কর্মসূচি চলমান ছিল। এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ পৃথকভাবে শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অমর একুশের চেতনায় ভাষা শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আরও অনুপ্রাণিত করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)
