দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরে ফরিদপুর জেলা প্রশাসন-এর উদ্যোগে প্রভাত ফেরি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা-এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে একটি প্রভাত ফেরি বের করা হয়।

প্রভাত ফেরিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হল-এ গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা এবং শিশু, কিশোর ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এবং জেলা সিভিল সার্জন ডাঃ মাহামুদুল হাসান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও ভাষা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন। তারা বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)