অমর ডি কস্তা, নাটোর : নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি ও জেলা বিএনপি’র সদস্য আব্দুল আজিজ বলেছেন, “যারা বাংলাদেশকে ক্ষত বিক্ষত করেছে, যারা দেশের ক্ষতি করেছে তাদের ব্যতিরেকে যে মানুষগুলো রয়েছে এবং সকল মতের, সকল ধর্মের মানুষ; তাদের নিয়ে আমরা আগামী দিনের পথ চলবো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী দিনে প্রশাসনের উদ্যোগে গুরুত্বপূর্ণ যত আলোচনা সভা হবে সেই আলোচনা সভায় সকল দলের সকল মতের মানুষের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবেন।” 

আজ শনিবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, ”আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া বলেছেন, আমরা সকলকে সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ আমাদেরকে ক্ষমতা তুলে দিয়েছেন। আমরা তাই সকল জনগণকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

এমপি আব্দুল আজিজ এ ব্যাপারে সার্বক্ষণিক জামায়াতে ইসলামীকে পাশে থাকার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার বয়াত রেজা, জেলা বিএনপির সদস্য ও বনপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম লুৎফর রহমান, জেলা বিএনপির সদস্য ও বড়াইগ্রাম টেকনিক্যল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আশরাফ আলী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম। এর আগে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

(এডিকে/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)