রূপক মুখার্জি, নড়াইল : দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের একটি আঞ্চলিক কার্যালয় পুনরায় চালু করা হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাজী আব্দুল আলিম। এ সময় দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতা-কর্মীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শেখ হাসিনার সরকার, বারবার দরকার, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই-সহ বিভিন্ন স্লোগানে মুখর করে তোলে।

আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধনের পর পরই এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে কাজী আব্দুল আলীম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে উল্লেখ করেন, দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারস্থ আঞ্চলিক কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)