প্রায় ৪৭ বছর পর এক সিনেমায় রজনীকান্ত ও কমল হাসান
বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। প্রায় চার দশক পর আবার একসঙ্গে বড় পর্দায় ফিরছেন তারা। তাদের নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা নেলসন দীলিপ কুমার। ২০২৩ সালে রজনীকান্তকে নিয়ে ব্লকবাস্টার ‘জেলার’ উপহার দিয়ে আলোচনায় আসা এই পরিচালক এবার একসঙ্গে আনছেন দুই কিংবদন্তিকে।
ছবিটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘কেএইচ অ্যান্ড আরকে’।
সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা গেছে রজনীকান্ত ও কমল হাসানকে স্টাইলিশ উপস্থিতিতে। হালকা রসিকতা ও খুনসুটিতে ভরপুর ভিডিওতে দুজনকে পাশাপাশি হাঁটতে হাঁটতে একটি গ্যারেজে ঢুকতে দেখা যায়। পরে একটি গাড়িতে বসেন তারা। গাড়ির পেছনের সিটে উপস্থিত ছিলেন পরিচালক নেলসন ও সংগীত পরিচালক অনিরুদ্ধ রবি চন্দর।
অনিরুদ্ধ গান শোনাতে চাইলে কমল হাসান মজা করে প্রশ্ন ছুড়ে দেন, ‘আগে বলুন, এ সিনেমার নায়ক কে?’ একই প্রশ্ন তোলেন রজনীকান্তও। পরিচালক কোনো উত্তর না দিয়ে রহস্য জিইয়ে রাখেন। আর সেখানেই শেষ হয় প্রোমো।
ছবির প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই তারকাকে একত্র করা তাদের জন্য স্বপ্নপূরণ এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক আবেগঘন অধ্যায়।
উল্লেখ্য, ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘আলাউদ্দিনুম আথবুথা ভিলাক্কুম’ ছবিতে রজনীকান্ত ও কমল হাসান মুখ্য ভূমিকায় একসঙ্গে অভিনয় করেছিলেন। এরপর বিভিন্ন সময়ে অতিথি চরিত্রে দেখা গেলেও পূর্ণাঙ্গ প্রধান চরিত্রে একসঙ্গে আর আসেননি তারা। প্রায় ৪৭ বছর পর সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
স্বাভাবিকভাবেই ঘোষণার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছেন ভক্তরা। দুই কিংবদন্তির রসায়ন এবার কেমন হবে সেটাও দেখার অপেক্ষায় দর্শক।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২২, ২০২৬)
