মাদারীপুরে দুই গ্রুপের সংর্ঘষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ২
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজন টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়গ্রুপ শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটনায়। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চারঘন্টা মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এই ঘটনা ঘটেছে।
পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ এলাকার স্থানীয় আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে দুইগ্রুপ একাধিকবার সংঘর্ষে জড়ায়। এরই জেরে শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা ৪ ঘন্টা দেশিয় অস্ত্র নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষ শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। সংঘর্ষে আহত হয় ২ জন। এদিকে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পাশের এলাকাতেও বোমার শব্দে আতংক দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
স্থানীয় মো. সুমন বলেন, আমাদের এই এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ লেগেই থাকে। প্রায় মাঝেমধ্যেই এই ঘটনা ঘটে। গতকাল রাতেও দুই গ্রুপ শতাধিক হাতবোমা বিস্ফোরণ করে। এতে করে সাধারণ মানুষদের মধ্যেই আতংক দেখা দেয়। আমরাও ভয়ের মধ্যে থাকি।
মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার সজিব হোসেন বলেন, আমাদের এলাকা থেকে বেশ দুরেই এই ঘটনা ঘটেছে। তবুও আমরা শুধু কিছুক্ষণ পর পর অসংখ্য বোমা বিস্ফোরণের শব্দ পাই। এতে করেও আমাদের ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেও আতংক দেখা দেয়।
ঘটনার পর অভিযুক্তরা বাড়িতে না থাকায় আর তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(এএসএ/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৬)
